নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার কদমকুড়ি গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ডাহিয়া ইউনিয়নের এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ শাকিল (১৭), এলাহী (২৭), ইব্রাহিম (৩২), সোহেল (১৯) ও গুরুতর আহত হনুফাকে (৪২) পুলিশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে। এছাড়া আহত অন্যদের মধ্যে রয়েছেন নাসিম (২২), শাহাদত (৩৯), আবজাল (৪৪), রফিকুল (৪৮), মান্নান (৫৮), ফরিদ (৩৮), আলামিন (১৭) প্রমুখ।
স্থানীয়দের তথ্যমতে, জাহেদ আলী ও আব্দুর রাজ্জাক নামে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। চার বছর আগে জাহেদ আলীর মৃত্যুর পর তার সন্তানদের সঙ্গে রাজ্জাকের পরিবারের বিরোধ আরও বাড়ে। সম্প্রতি জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। শনিবার রাতে এ বিরোধ সংঘর্ষে রূপ নেয়, যেখানে গুলি ছোড়া হয় এবং ১৫ জন আহত হন।
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, “জমিসংক্রান্ত বিরোধ নিয়ে একই পরিবারের দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। সম্প্রতি পানি সেচ দেওয়া নিয়ে তা চরমে পৌঁছায় এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একপক্ষের ছররা গুলিতে অপরপক্ষের কয়েকজন আহত হন।”
তিনি আরও জানান, আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এলাকাবাসী দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করে বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
Leave a Reply