নোয়াখালী প্রতিনিধি,
নোয়াখালীর সোনাইমুড়িতে শীর্ষ সন্ত্রাসী নূরুন নবী মিয়া কর্তৃক থানার হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার দুই শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের থানার হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সকল শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীর উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার হাফেজ আহাম্মদ, মাদ্রাসার সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য শাহ জালাল, এলাকাবাসীর পক্ষে হাবিবুর রহমান মিঠু প্রমুখ। এসময় শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, সন্ত্রাসী নূরুন নবী মিয়া ও তার বাহিনীর অত্যাচারে শিক্ষক ও শিক্ষার্থীরা আতঙ্কিত। সম্প্রতি তিনি মাদ্রাসার সিনিয়র শিক্ষক বলরাম কর্মকার বিএসসি এবং অফিস সহকারী হামিদুল হককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এলাকাবাসী ও শিক্ষকরা প্রশাসনের কাছে দ্রুত সন্ত্রাসী মিয়াকে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।
তারা আরো জানান “শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের সুদৃষ্টি প্রয়োজন। নূরুন নবী মিয়াকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এলাকাবাসীর দাবি, সন্ত্রাসী মিয়া বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হবে এবং শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Leave a Reply