গাইবান্ধা (সাদুল্লাপুর) প্রতিনিধি :
শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি ও শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে হলি চাইল্ড মাল্টিমিডিয়া স্কুল নলডাঙ্গায় এক মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মিজানুর রহমান পিপুল। তিনি বলেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করা এবং শিক্ষার্থীদের শিক্ষার অগ্রগতির বিষয়ে অভিযোগ ও সমস্যা জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভায় সেরা অভিভাবক হিসেবে জনাব আরিফা আক্তারকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া, স্কুলে সর্বোচ্চ উপস্থিতির জন্য পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আখি আক্তার ও শাকিব আল হাসান সৈকতকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা হাসানুল হুদা রাশেদ, অভিভাবক সুরুজ বাঙ্গালী, গোলাম মওলা, শিক্ষক আবুল কালাম আযাদ, রাজু আহম্মেদ, ভাইস প্রিন্সিপাল পুস্পজিত অধিকারী এবং শিক্ষিকা শারমিন আক্তার ইমা, ইয়াসমিন সিদ্দিকা আইভি প্রমুখ।
এই মতবিনিময় সভার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয় এবং শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার গুণগত উন্নতির জন্য যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
Leave a Reply