খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. আল আমিন (২৮) নামে এক বেসরকারি সিম কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা বাইপাসে ২২ তলার সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো. আল আমিন বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের মো. আইয়ুব আলী শেখের ছেলে। তিনি মোবাইল অপারেটর বাংলালিংকের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
স্থানীয়রা জানান, ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত চলছে এবং দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।
Leave a Reply