কলকাতা প্রতিনিধি :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিল বারুইপুর জেলা পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো।
আজ বারুইপুর জেলা পুলিশের অফিসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ফোনগুলিকে তাদের প্রকৃত গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য আধুনিক প্রযুক্তির সহায়তা নেয় বারুইপুর জেলা পুলিশ। তাদের নিরলস প্রচেষ্টায় বহু মানুষ তাদের হারানো ফোন ফিরে পেয়ে আনন্দিত।
বারুইপুর জেলা পুলিশের অধীনে সুন্দরবনের বিভিন্ন এলাকা যেমন ক্যানিং, গোসাবা, মোল্লাখালী কোস্টগার্ড থানা, বাসন্তী ও জামতলা থানার মতো বিস্তীর্ণ অঞ্চলের মানুষের যাতায়াত রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ কলকাতা ও শহরতলীতে যাতায়াত করেন, এবং এই ব্যস্ত যাত্রাপথে প্রায়শই মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পুলিশ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে এসব হারানো ফোন উদ্ধার করে এবং যথাযথ যাচাই-বাছাই শেষে প্রাপকদের হাতে তুলে দেয়।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) রূপান্তর সেনগুপ্ত (আইপিএস) এবং অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শ্রী সৌমেন ব্যানার্জি (ডব্লিউবিএমপিএস)। এছাড়াও বারুইপুর জেলা পুলিশের অন্যান্য পুলিশ আধিকারিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রাপ্ত মোবাইল হাতে পেয়ে অনেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বারুইপুর জেলা পুলিশের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পুলিশ প্রশাসনের এমন মানবিক কর্মকাণ্ড নিঃসন্দেহে সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করবে।
Leave a Reply