অনলাইন ডেক্স :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছে মানুষের ঢল। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পরবর্তী সময়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও বিচার বিভাগের বিচারপতিরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাইকমিশনাররা শ্রদ্ধা নিবেদন করেন। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনাররাও শহীদ মিনারে শ্রদ্ধা জানান। তিন বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার এবং আনসার, বিজিবি, র্যাব ও এনএসআই-এর মহাপরিচালকরা ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, বিএসএমএমইউ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্যান্য শিক্ষকরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
রাত ১২টা ৪০ মিনিটে সর্বস্তরের মানুষের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একে একে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জানাতে আসা কেউ ফুলের ডালা, কেউ তোড়া, আবার কেউ কয়েকটি ফুল হাতে নিয়ে শহীদদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। অনেকে এসেছেন সংগঠনের ব্যানারে, কেউ পরিবার ও বন্ধুদের সঙ্গে, আবার কেউ একাই এসেছেন জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে।
Leave a Reply