অনলাইন ডেক্স :
আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে তারেক রহমান প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন— এটি বিএনপির দলীয় সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, “আমাদের কিছু নেতা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন যে, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন। এটি তাদের ব্যক্তিগত অভিমত হতে পারে, কিন্তু এটি বিএনপির দলীয় সিদ্ধান্ত নয়।”
তিনি আরও বলেন, “জনগণের মধ্যে আস্থা তৈরি করতে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে হবে— এ বিতর্কে না গিয়ে সরকারের উচিত জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়া। নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণ যে সরকার গঠন করবে, তারাই নির্ধারণ করবে স্থানীয় ও জাতীয় নির্বাচনের সময়সূচি।”
গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে হতে পারে উল্লেখ করে তিনি বলেন, “এটি নিয়ে বিতর্ক তৈরি করে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই।”
রুহুল কবির রিজভী আরও বলেন, “২১ ফেব্রুয়ারি যেমন দুঃখের দিন, তেমনি গৌরব ও প্রেরণার দিন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পথ ধরেই দেশে ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন এবং মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে।
তিনি বলেন, “যুগে যুগে ২১ ফেব্রুয়ারি আমাদের প্রেরণা যুগিয়েছে, আমাদেরকে উদ্ধুদ্ধ করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের রাস্তায় দাঁড়ানোর সাহস দিয়েছে। এই পথ ধরেই আমরা ৯০-এর গণআন্দোলনের সফলতা অর্জন করেছি। একইভাবে ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। তাই ২১ ফেব্রুয়ারি আমাদের সংগ্রামের প্রতীক হয়ে থাকবে।”
Leave a Reply