মাগুরা প্রতিনিধি :
মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে দু’টি দেশীয় পাইপগানসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে মাগুরা সেনা ক্যাম্প। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শ্রীপুর সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গরুর হাটের পাশ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় পাইপগান দুটির পাশাপাশি একটি অতিরিক্ত ব্যারেল, দুই টলি অবৈধ কাঠ, দুটি গাছ কাটার করাত, একটি কুড়াল, চারটি গাছ কাটার দা ও চারটি রিং রেঞ্জ উদ্ধার করা হয়।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মাগুরা সেনা ক্যাম্পে অভিযোগ যায় যে, উপজেলার সারঙ্গদিয়া গরুর হাটের পাশের সরকারি জমিতে ২০ থেকে ২৫ জনের একটি দল রাতের আঁধারে অবৈধভাবে গাছ কাটছে। খবর পেয়ে বিএ-১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে মাগুরা সদর সেনা ক্যাম্পের রাতের টহল দল এবং শ্রীপুর থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে আততায়ীরা দ্রুত পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দু’টি দেশীয় পাইপগানসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দেশীয় পাইপগানসহ সকল সরঞ্জামাদি শ্রীপুর থানা হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply