সিলেট প্রতিনিধি :
আজ ২১ ফেব্রুয়ারি, শুক্রবার, জুমার নামাজের পর সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্রায় সমাবেশের মাধ্যমে সম্পন্ন হয় মহানগর ছাত্রশিবিরের প্রতিবাদ মিছিল।
কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট এমসি কলেজে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্রশিবিরের ওপর অন্যায়ভাবে দায় চাপানো এবং তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে সিলেট মহানগর ছাত্রশিবির।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের নেতৃত্বে শুরু হওয়া মিছিলে উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতি শাহীন আহমদ তার বক্তব্যে বলেন, “আমরা দেখতে পাচ্ছি, ফ্যাসিবাদের পতনের পর নতুন করে বাংলাদেশে আবার একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে। নিষিদ্ধ ছাত্রলীগের মতো ছাত্রদলও সন্ত্রাসী কায়দায় তিন দিন আগে কুয়েটের শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। সেই হামলার দায় নির্লজ্জের মতো ছাত্রশিবিরের ওপর চাপানোর চেষ্টা করা হয়েছে। একইভাবে, এমসি কলেজের সংঘর্ষের ঘটনায়ও ছাত্রশিবিরকে দায়ী করার অপচেষ্টা হয়েছে, যা আমরা তীব্রভাবে নিন্দা জানাই।”
তিনি আরও বলেন, “ছাত্রদল নতুন বাংলাদেশে আবারও ট্যাগিংয়ের রাজনীতি সক্রিয় করে নির্যাতন ও সন্ত্রাস কায়েম করতে চাইছে। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—এই দেশে আর ত্রাসের রাজত্ব চলবে না, ট্যাগিংয়ের নামে নির্যাতন-নিপীড়ন চলবে না, আধিপত্যের নামে নতুন ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না।”
মিছিল ও সমাবেশে মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply