পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা সারাইগাছি ফুটবল মাঠে একতা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পোরশা থানা অফিসার ইনচার্জ মো. শাহিন রেজা আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “তরুণ সমাজ আজ মোবাইল আসক্ত হয়ে খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু এই ধরনের আয়োজন তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করবে। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এবং আশা করি, ভবিষ্যতে তরুণ সমাজ লেখাপড়া ও খেলাধুলায় আরও মনোযোগী হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সারাইগাছি বাজারের গণ্যমান্য ব্যক্তি জনাব মো. রুবেল শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ফরহাদ হোসেন, মোহাম্মদ মকবুল হোসেন মাস্টারসহ আরও অনেকে।
টুর্নামেন্টের মূল প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয় সারাইগাছি বারিন্দা একাদশ ও চাঁপাই একাদশ। ঘণ্টাব্যাপী উত্তেজনাপূর্ণ ম্যাচে দর্শকদের বিপুল উচ্ছ্বাসের মধ্যে ৩-০ গোলের ব্যবধানে চাঁপাই একাদশ জয়ী হয়ে শিরোপা অর্জন করে।
সমাপনী বক্তব্যে সভাপতি মো. রুবেল শাহ চমৎকার খেলার আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
Leave a Reply