মাগুরা প্রতিনিধি :
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল মণ্ডলকে দল থেকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আমলসার ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব মো. সজিব হোসেন, আমলসার ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ ও ইউনিয়ন যুবদল নেতা মো. সালাম বিশ্বাস।
বক্তারা অভিযোগ করেন, বিএনপির পদে থেকেও নুরুল মণ্ডল দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিলে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছেন। গত বৃহস্পতিবার সকালে তিনি আওয়ামী লীগের কর্মীদের নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালান, এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। হামলার পাশাপাশি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
তারা আরও জানান, নুরুল মণ্ডল বিএনপির সার্চ কমিটিতে আওয়ামী লীগের লোকজনকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তিনি মোবাইলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে বিএনপির নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন, যার প্রমাণস্বরূপ কল রেকর্ডও রয়েছে।
সংবাদ সম্মেলনে তাকে দল থেকে বহিষ্কার ও বিএনপির কোনো পদ না দেওয়ার দাবি জানানো হয়। নেতাকর্মীরা বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষায় অবিলম্বে কেন্দ্রীয় নেতাদের এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।
Leave a Reply