চাটখিল প্রতিনিধি :
চাটখিল মহিলা কলেজে ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশন এবং এম এইচ গ্লোবাল গ্রুপের সহযোগিতায় রবিবার দুপুরে কলেজের সভাকক্ষে এই প্রতিযোগিতাটি আয়োজিত হয়।
প্রতিযোগিতার বিষয় ছিল “নিয়ন্ত্রণ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়”। প্রভাষক আবুল কালাম আজাদ-এর উপস্থাপনায় বিতর্কের মাধ্যমে বিপক্ষ দল বিজয় লাভ করে এবং শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার সেজুতি।
প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন চাটখিল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ফারুক ছিদ্দিকী ফরহাদ, সহকারী অধ্যাপক গালিব মো. ইকবাল, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রভাষক মাহিন উদ্দিন বাবু, ফাউন্ডেশনের চাটখিল উপজেলা পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, ফাউন্ডেশনের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন রাসেল, ম্যানেজার মো. বেলাল হোসেনসহ আরও অনেকে।
বক্তারা জানান, এম এইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান এবং ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া চাটখিল ও সোনাইমুড়ী উপজেলাকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম হাতে নিয়েছেন। এর অংশ হিসেবে সোনাইমুড়ি ও চাটখিল এলাকায় বিতর্ক প্রতিযোগিতা চলমান রয়েছে।
গোলাম কিবরিয়া ইতিমধ্যেই দুটি উপজেলায় শিক্ষা বিস্তারে সুনাম অর্জন করেছেন এবং সম্প্রতি সিঙ্গাপুরের মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রী কর্তৃক সমাজ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আমন্ত্রণ পেয়েছেন। তিনি চাটখিল ও সোনাইমুড়িতে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের সহায়তা দিচ্ছেন এবং ২০৪০ সালের মধ্যে চাটখিল ও সোনাইমুডি উপজেলাকে শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে চান।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উভয় দলকে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। গোলাম কিবরিয়া বিশ্বাস করেন যে, বিতর্কের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা তাদের মেধার বিকাশ ঘটাতে পারে এবং সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
Leave a Reply