ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কবিরুল ইসলাম জয়কে (২৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ভুল্লী থানার বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আহত কবিরুল ইসলাম জয় ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার কেশর বাড়ি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকায় চোখের চিকিৎসা শেষে হানিফ পরিবহনের বাসে ঠাকুরগাঁও ফেরেন জয়। বাস থেকে নেমে বাড়ি ফেরার পথে দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং তার সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়।
কবিরুল ইসলামের বন্ধু রাকিব জানান, “জয় জুলাইয়ের আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন। তার শরীরে আগের গুলির চিহ্ন রয়েছে। চোখে গুলি লাগায় তিনি ১৯ ফেব্রুয়ারি ঢাকায় চিকিৎসার জন্য গিয়েছিলেন। আজ সকালে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে।”
আহত কবিরুল ইসলাম জয় বলেন, “১৯ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলাম। ফেরার পথে রাত ২টার দিকে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে এবং আমার অবস্থান জানতে চাওয়া হয়। আমি জানাই, ঠাকুরগাঁও ফিরছি। ভোর ৫টার দিকে ভুল্লী এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত আমার ওপর হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আমি হামলাকারীদের চিনতে পারিনি, তবে তারা আমাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছে।”
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. রাকিবুল ইসলাম চয়ন জানান, “জয়ের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর জখম হওয়ায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে।”
এ ঘটনায় ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।”
Leave a Reply