ববি ক্যাম্পাস প্রতিনিধি:
সারাদেশে ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা ‘ব্রেক দ্যা সাইলেন্স’ ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচতলায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা ধর্ষণ, শ্লীলতাহানি ও আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন, প্রক্টর, সহকারী প্রক্টর ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে অংশ নেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে নারী নিপীড়ন প্রতিরোধ সেল গঠনের এবং সংগঠনটির সক্রিয় কার্যক্রম নিশ্চিত করার দাবি জানান।
মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, “ধর্ষণের বিরুদ্ধে আজ শিক্ষার্থীরা দাঁড়িয়েছে। বিচারের জন্য আমাদের কেন রাস্তায় নামতে হবে? দেশে বিচারহীনতার সংস্কৃতি দিন দিন বাড়ছে, আইনশৃঙ্খলা অবনতির কারণে নারীদের শ্লীলতাহানি ও নির্যাতন বাড়ছে, যা সরকারের ব্যর্থতা।”
তিনি আরও বলেন, “মহামারির মতো ধর্ষণের ঘটনা বাড়ছে। নারীকে পণ্য বানানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গ্রাম-গঞ্জ পর্যন্ত নারীদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে হবে।”
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মামজুদা মোস্তফা লামিয়া বলেন, “নারী-পুরুষের বিভেদ থাকা উচিত নয়। বরং নারীদের সম্মানের চোখে দেখলে ধর্ষণের মতো অপরাধ হতো না। ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীকে নীরব ভূমিকা থেকে বেরিয়ে এসে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নুসরাত জাহান রানির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের ভূমিকা সরকার, সমাজবিজ্ঞান বিভাগের নিশাত মালিহা ঐশী, জাহিদুল ইসলাম, আইন বিভাগের আব্দুর রহমান, ইসরাতুন্নেহা প্রমুখ।
Leave a Reply