নিজস্ব প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বসন্ত উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, গ্রামীণ লোকজ মেলা, পুতুলনাচ, বায়োস্কোপ প্রদর্শনী, গুণীজন সম্মাননা প্রদান এবং আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
উৎসবের উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “সাংস্কৃতিক উৎসব আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের আয়োজন জাতিকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছি, তাই সাংস্কৃতিক সংগঠনগুলোকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি নাফিয়া ফারজানা অমিয়া ও সাধারণ সম্পাদক রওনক জাহান রাকামনি এক যৌথ বিবৃতিতে বলেন, “দেশীয় সংস্কৃতিকে লালন ও প্রচারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ বরাবরই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তরুণ প্রজন্মকে নিজস্ব সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর ড. রাশেদা রওনক খানের সভাপতিত্বে আলোচনাসভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, অভিনয় ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ এবং সংগীতশিল্পী কাজী কৃষ্ণকলি ইসলামকে “গুণীজন সম্মাননা” প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক রওনক জাহান রাকামনি এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাফিয়া ফারজানা অমিয়া। এ উৎসবে জনপ্রিয় ব্যান্ড ‘বায়োস্কোপ’ এবং গানের দল ‘কৃষ্ণকলি’ সংগীত পরিবেশন করে। পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল জাতীয় দৈনিক কালের কণ্ঠ।
উৎসবের প্রাণবন্ত পরিবেশ ও বর্ণিল আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। উপস্থিত দর্শনার্থীরা এমন আয়োজনকে সবার জন্য উন্মুক্ত করার আহ্বান জানান, যাতে পুরো দেশব্যাপী বসন্ত উৎসবের প্রাণচাঞ্চল্য ছড়িয়ে যায়।
Leave a Reply