নিজস্ব প্রতিবেদক
দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘দেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক। রাস্তাঘাটে কিংবা ঘরে এসে মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। যদি পরিস্থিতির উন্নতি না হয়, তবে মানুষ এই অবস্থাকে সহজভাবে মেনে নেবে না।’
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর দর্শনা মোড়ে বছিরন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ড. আব্দুল্লাহ আল মামুনের গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি। গণতন্ত্রে ফিরে আসার একটা সম্ভাবনা দেখা দিলেও, যখন বাসের মধ্যে মেয়েরা লাঞ্ছিত ও নিগৃহীত হয়, তখন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্ররা প্রতিবাদ জানায়। অথচ মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে হাজির হন, যা দেশের ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দেয়।’
তিনি আরও বলেন, ‘আবু সাঈদ দেশের জন্য জীবন উজাড় করে দিয়েছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জনগণ তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না।’ ‘নৌবাহিনীর ঘাঁটিতে যদি দুষ্কৃতকারীরা হামলা চালায় এবং আমাদের তা দেখতে হয়, তবে এর চেয়ে পরিতাপের বিষয় আর কিছু হতে পারে না। আমরা এখনো সরকারের পদত্যাগ দাবি করিনি, তবে যদি পরিস্থিতির উন্নতি না হয়, মানুষ তা সহজভাবে মেনে নেবে না।’ ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ১৭ বছর ধরে নিগৃহীত হয়েছে, জেল খেটেছে, নির্মমতার শিকার হয়েছে। তাই সরকারকে যত দ্রুত সম্ভব দেশের মানুষের বসবাস উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর খালেক, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।
Leave a Reply