অনলাইন ডেক্স :
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চলমান সংস্কার প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সংস্কার প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়ে ড. ইউনূসকে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
আজ বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জাতিসংঘ মহাসচিবের চিঠি শেয়ার করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি পাঠানো ওই চিঠিতে গুতেরেস জানান, রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ ও এ অঞ্চলের ওপর প্রভাব এবং রাখাইনে ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে তিনি প্রধান উপদেষ্টার উদ্বেগের সঙ্গে একমত।
চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য উপযোগী পরিবেশ তৈরি করাসহ মিয়ানমারের সংকটের রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আঞ্চলিক অংশীদার, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট (আসিয়ান) ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আমি আমার বিশেষ দূতের মাধ্যমে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব।’
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, তিনি জাতিসংঘের বাংলাদেশ ও মিয়ানমারভিত্তিক কর্মী দলকে নির্দেশ দিয়েছেন, যেন তারা রাখাইন সম্প্রদায়ের জন্য মানবিক ও জীবিকার সহায়তা আরও বাড়াতে পারে। তিনি আশ্বস্ত করেন যে জাতিসংঘ এই ইস্যুকে অগ্রাধিকার দেবে এবং এর মধ্যে থাকবে জরুরি ত্রাণ সমন্বয়কারী ও মিয়ানমারের আবাসিক ও মানবিক সমন্বয়কারীর মাধ্যমে রাখাইনসহ সারা মিয়ানমারে নিরাপদ, দ্রুত, টেকসই ও বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করা।
গুতেরেস আশা প্রকাশ করেন যে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন বিশ্বব্যাপী নতুন করে মনোযোগ আকর্ষণ করবে এবং এই জনগোষ্ঠীর জন্য আরও বিস্তৃত সমাধান বের করতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, জাতিসংঘ সদস্য রাষ্ট্রের পরামর্শ অনুসারে সম্মেলনের ফলাফল ও পরিকল্পনার জন্য অপেক্ষা করছে। জাতিসংঘ মহাসচিব পুনরায় নিশ্চিত করেন যে জাতিসংঘ বাংলাদেশকে দৃঢ় সংহতি জানাচ্ছে এবং অধ্যাপক ইউনূসের নেতৃত্বে চলমান পরিবর্তন প্রক্রিয়াকে সমর্থন দিচ্ছে।
তিনি ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অধ্যাপক ইউনূসের পাঠানো চিঠির জন্য ধন্যবাদ জানান, যা ৭ ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান তাকে পৌঁছে দেন।
Leave a Reply