কলাপাড়া সংবাদদাতা :
কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের আট দফা দাবি বাস্তবায়ন না হলে এবং আন্দোলনে অংশ নেওয়া মানুষদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করা না হলে এবার স্বেচ্ছায় কারাবরণের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনের সমন্বয়ক রবিউল আউয়াল অন্তর। গত ৬ ফেব্রুয়ারি অপহরণের শিকার হয়ে চারদিন পর পুলিশের অভিযানে উদ্ধার হওয়ার পর বুধবার (২৬ ফেব্রুয়ারি) কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এই ঘোষণা দেন।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তর অভিযোগ করেন, তাকে অপহরণ ও গুম করে আন্দোলন দমানোর চেষ্টা করেছে একটি পক্ষ। তিনি দাবি করেন, বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতিবাজ চক্র এ ঘটনার সঙ্গে জড়িত। বর্তমানে প্রশাসন রাতের আঁধারে নিরীহ গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতার ও হয়রানি করছে। ইতোমধ্যে আন্দোলনে অংশ নেওয়া দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের নামে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের আট দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে— ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী একজনকে চাকরি প্রদান, অধিগ্রহণ করা জমির দেড়গুণ অর্থ প্রদান, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সাবেক এমডি খোরশেদ আলম, পিডি শাহ আব্দুল মাওলাসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ।
তিনি আরও বলেন, যদি এসব দাবি বাস্তবায়ন না করা হয় এবং সাধারণ মানুষকে হয়রানি বন্ধ না করা হয়, তাহলে গ্রামবাসীদের রক্ষার্থে তিনি স্বেচ্ছায় কারাবরণ করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের আন্দোলনকে সমর্থন করায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি চক্র আগামী নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে তার প্রতিদ্বন্দ্বিতা ঠেকাতে ষড়যন্ত্রমূলকভাবে এই অভিযোগ দায়ের করেছে।
তিনি আরও বলেন, সাত বছরের আন্দোলনের ফসল বর্তমান সরকার। অথচ আজ তাদেরই হয়রানির শিকার হতে হচ্ছে। তাহলে সাবেক স্বৈরাচার সরকারের সঙ্গে এ সরকারের পার্থক্য কোথায়?
Leave a Reply