নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আকতার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল। দলে মুখপাত্র ও মুখ্য সংগঠকের পদে থাকছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
তবে নতুনভাবে সৃষ্টি হওয়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। পূর্বে আলোচিত এই দুটি পদে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জোনায়েদ এবং জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম থাকলেও, শেষ পর্যন্ত আলী আহসান জোনায়েদ ও রাফে সালমান রিফাত নতুন দলে যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন।
আলী আহসান জোনায়েদ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, “আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলে আমি থাকছি না। আমি এ বিষয়ে নেতৃবৃন্দকে আগে থেকেই জানিয়েছি। তবে বৃহত্তর ঐক্যের স্বার্থে নীরবতা পালন করেছিলাম। কিন্তু চারপাশে চলমান গুঞ্জন বন্ধ না হওয়ায় এখন প্রকাশ্যে এ কথা জানাচ্ছি।”
এদিকে, জোনায়েদের ফেসবুক পোস্ট শেয়ার করে রাফে সালমান রিফাতও জানান, “২৮ তারিখ ঘোষিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে আমি থাকছি না। তবে রাজনীতি থেকে সরে যাচ্ছি না। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার যে সূচনা হয়েছে, তা দীর্ঘমেয়াদে সফল হবে বলে আমি আশাবাদী।”
আলী আহসান জোনায়েদ ও রাফে সালমান রিফাতের সরে দাঁড়ানোর পর নতুন দলে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের পদে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে। একইসঙ্গে, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে নারী নেতৃত্বকে সামনে আনার পরিকল্পনায় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের নাম আলোচনায় রয়েছে।
এছাড়া, নতুন দলে মুখ্য সমন্বয়ক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদ সৃষ্টি করা হতে পারে। সম্ভাব্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা, আরিফুল ইসলাম আদীব, অনিক রায়, মাহবুব আলম ও অলিক মৃ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদারকে আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্যসচিব করে নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ আত্মপ্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, এটি নতুন রাজনৈতিক দলের ছাত্রসংগঠন হিসেবে কাজ করবে।
নতুন দলের নাম এখনও নিশ্চিত করা হয়নি, তবে ‘বাংলাদেশ গণতান্ত্রিক নাগরিক সংসদ’, ‘জাতীয় নাগরিক পার্টি’ ও ‘বাংলাদেশ নাগরিক পার্টি’ নামগুলো আলোচনায় রয়েছে।
আজ বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন রাজনৈতিক দল সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করা হতে পারে। আগামীকাল ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটবে।
জাতীয় নাগরিক কমিটি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে অবহিত করেছে।
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, “আমরা গণতান্ত্রিক সমমনা সব রাজনৈতিক দলকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের কমিটিতে নারী নেতৃত্বসহ যোগ্য ছাত্রনেতাদের জায়গা দেওয়ার বিষয়ে শীর্ষ নেতারা কাজ করছেন।”
নতুন দল গঠনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটি তাদের অধিকাংশ সেল বিলুপ্ত ঘোষণা করেছে। কেবল আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক পদ বহাল রাখা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দল ঘোষণার পর যারা এতে যোগ দেবেন, তাদের নাগরিক কমিটির সদস্যপদ বাতিল বলে গণ্য হবে। তবে যারা নতুন দলে যোগ দেবেন না, তাদের সদস্যপদ বহাল থাকবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণদের এই নতুন রাজনৈতিক দল বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
Leave a Reply