নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার হাওরে নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়া, নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাওর বাঁচাও আন্দোলন নেত্রকোনা জেলা শাখা।
শনিবার সকালে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি আব্দুল অহিদুর রহমান এবং সঞ্চালনা করেন প্রভাষক সুমন আহমেদ। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল আলম জামাল, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক অলি উল্লাহ, বাংলাদেশ প্রেসক্লাবের ময়মনসিংহ বিভাগীয় প্রধান শামীম তালুকদার ও হাওর কবি শামছুদ্দোহা ফরিদ। এছাড়াও সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ এ মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতি বছর সরকার কোটি কোটি টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে। কিন্তু কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তি নিজেদের স্বার্থে নিম্নমানের কাজ করে কৃষকদের ফসল হুমকির মুখে ফেলে। ঠিকভাবে কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ তোলেন তারা।
বক্তারা আরও জানান, এ বছরও নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ হয়নি, ফলে হাওরের কৃষকরা অকাল বন্যার ঝুঁকিতে রয়েছেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি বাঁধ নির্মাণের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে হাওর রক্ষা আন্দোলন রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
বক্তারা ফসল রক্ষা বাঁধের অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, হাওরাঞ্চলের কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারকে কঠোর নজরদারি করতে হবে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর না ঘটে।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নিয়ে হাওরের ফসল রক্ষায় দুর্নীতি মুক্ত ও কার্যকর বাঁধ নির্মাণের দাবি জানান।
Leave a Reply