ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী হাটে এ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম ফেরদৌস।
বাজার পর্যবেক্ষণের সময় বোতলজাত ভোজ্য তেল, খেজুর ও তরল দুধ বেশি দামে বিক্রির অভিযোগ উঠে আসে। কয়েকজন ক্রেতা অভিযোগ করেন যে, দোকানদাররা বোতলজাত ভোজ্য তেলের নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য নিচ্ছেন। অভিযোগের ভিত্তিতে ইউএনও তাৎক্ষণিক পদক্ষেপ নেন এবং অতিরিক্ত মূল্য আদায় করা দোকানদারকে ক্রেতার টাকা ফেরত দিতে বাধ্য করেন। পাশাপাশি তিনি ব্যবসায়ীদের বোতলের গায়ে উল্লেখিত দামে তেল বিক্রি করার নির্দেশ দেন।
এ সময় ইউএনও ফল ব্যবসায়ীদের কাছ থেকে খেজুর ক্রয়ের চালান দেখতে চান এবং দুধ বিক্রেতাদের সঙ্গে কথা বলে বিনাকারণে দাম বৃদ্ধি না করার আহ্বান জানান।
ভোজ্য তেল ক্রেতা আহসান হাবিব জানান, তিনি দুই লিটারের একটি বোতল সয়াবিন তেল ৩৮০ টাকায় কিনেছিলেন, যা নির্ধারিত দামের চেয়ে বেশি। বিষয়টি ইউএনওকে জানানোর পর তিনি দোকানদারকে বোতলের গায়ে উল্লেখিত দামে তেল বিক্রি করতে নির্দেশ দেন এবং অতিরিক্ত টাকা ফেরত দেন।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, “পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং করা হচ্ছে। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে কেউ অযথা দাম বাড়াতে না পারে। ভবিষ্যতেও বাজার মনিটরিং অব্যাহত থাকবে।”
বাজার মনিটরিং কার্যক্রমে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শামসুজ্জোহা সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply