লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে রাতের আঁধারে কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র বিরুদ্ধে। এদিকে সীমান্ত আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণ করার ঘটনায় বাঁধা দেয় এবং তীব্র প্রতিবাদ জানায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
আজ শনিবার (১ মার্চ) সকালে দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকার স্থানীয়রা ওই কাঁটাতারের বেড়া দেখে বিজিবিকে খবর দেন। খবর পেয়ে বিজিবির দহগ্রাম-আঙ্গোরপোতা ক্যাম্প কমান্ডার সুবেদার লুৎফর রহমান ও সঙ্গীয় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়ায় বিএসএফ বেড়া নির্মাণের কাজ বন্ধ করে।
বিজিবি ও স্থানীয়রা সূত্রে জানা যায়, শুক্রবার রাতের আঁধারে দহগ্রাম কলোনিপাড়ায় অবস্থিত বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান ডিএএমপি পিলার নম্বর ২ এর ৩ -৮ নং সাবপিলার এলাকার জিরো লাইনের মাত্র ৩-৫ গজের দূরে ভারতের পশ্চিমবঙ্গ বিএসএফ’র ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যদের সহায়তায় অবৈধভাবে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণ করা হয়। শনিবার (১ মার্চ) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেখানে ছুটে যান বিজিবি সদস্যরা। পরে তারা সেখানে অবস্থান নেন। সে সময় নির্মাণ কাজ বন্ধ রেখে উল্লেখযোগ্য সংখ্যক বিএসএফ সদস্য কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান নেন। ফলে ওই এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়।
এরপর শনিবার বিকেলে বিজিবি’র প্রতিবাদের মুখে অরুণ ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের সাথে কলোনিপাড়ার শূন্যরেখায় ৩০ মিনিট ধরে পতাকা বৈঠক হয়। ওই বৈঠকে বিজিবি’র ৭ সদস্যের দলের নেতৃত্ব দেন পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী। অন্যদিকে ৭ সদস্যের বিএসএফ দলের নেতৃত্ব দেন বিএসএফ’র বোটবাড়ী কোম্পানি কমান্ডার জালম সিং।
বিজিবি’র সুবেদার লুৎফর রহমান জানান, বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়াও সীমান্তে টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
বিজিবি রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন জানান, অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ করার ঘটনার প্রতিবাদ করা হয়েছে। বিএসএফ জানায় যে জেলা প্রশাসনের সহায়তায় তাদের দেশের স্থানীয় গ্রামবাসীরা ওই বেড়া নির্মাণ করেছে। কোন মৌখিক কথা মানা হবে না । বিএসএফকে তাদের প্রতিশ্রুতি মেনে চলার কথা বলা হয়েছে। এক্ষেত্রে বিএসএফ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করবে বলে জানিয়েছে।
Leave a Reply