ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে যানজট মুক্ত রাখতে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (২ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন।
অভিযানে সহায়তা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান এবং খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমান।
সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়। পরে দুপুর পর্যন্ত কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশেও অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় ২০০টির বেশি অবৈধ দোকানপাট ও স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন জানান, মহাসড়কের পাশে অবৈধ পার্কিং ও দোকানপাট গড়ে ওঠার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছিল, যার ফলে সড়কে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। মহাসড়ক যানজটমুক্ত রাখতে এবং দুর্ঘটনা রোধে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও মহাসড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply