মাগুরা প্রতিনিধি :
মাগুরা সরকারি মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন মাগুরার সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর এমবি বাকের, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমিনুর রহমান খান পিকুল, মো: আলমগীর হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম হোসেন, সদস্য সচিব মো: হুসাইন, মাগুরা মেডিকেলের ইন্টার্ন ডাক্তার দীপ্ত দেব ও শেষ বর্ষের ছাত্র নইমুল হোসেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “ফ্যাসিবাদী শক্তিকে উপেক্ষা করে আমরা মাগুরায় একটি নিরাপদ মেডিকেল ক্যাম্পাস উপহার দিতে পেরেছি। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে মাগুরা মেডিকেল কলেজ বন্ধের পাঁয়তারা করছে। কলেজের প্রথম ব্যাচ ইন্টার্নশিপে প্রবেশ করার পর যখন সাধারণ মানুষ চিকিৎসা সুবিধা পেতে শুরু করেছে, তখনই এই ষড়যন্ত্র শুরু হয়েছে।” বক্তারা আরও জানান, “রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে মাগুরা মেডিকেল কলেজ দুইবার প্রথম স্থান অর্জন করেছে। গত সাত বছরে মেডিকেল কলেজটি নানা অর্জন অর্জন করেছে। আমরা ষড়যন্ত্রকারীদের বলতে চাই, মাগুরার মানুষ এই ষড়যন্ত্র রুখে দেবে।”
বক্তারা মাগুরার স্বাস্থ্য খাতকে ব্যাহত না করে দ্রুত মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ভায়না মোড়ে গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এবং প্রতীকীভাবে ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করেন স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা।
Leave a Reply