কুষ্টিয়া সংবাদদাতা :
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রোববার সকালে উপজেলা নির্বাচন অফিসের সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে চত্বর প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ভোটারদের অধিকার ও দায়িত্ব নিয়ে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছা। তিনি বলেন, “আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব”—এই চেতনার মধ্য দিয়ে যোগ্য ও সৎ ব্যক্তিকে ভোট প্রদান করা প্রত্যেক ভোটারের দায়িত্ব। তিনি আরও জানান, ভোটার হতে হলে একজন নাগরিকের বয়স ১৮ বছর হতে হবে এবং তার জন্ম নিবন্ধন থাকতে হবে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সময় সঠিক তথ্য যাচাই করা গুরুত্বপূর্ণ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, “জাতীয় ভোটার দিবস সারাদেশে সরকারিভাবে পালিত হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী আমাদের উপজেলাতেও দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল আল মামুন, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে ঘোষণা করা হয়। তবে ২০১৯ সাল থেকে ভোটার দিবস উদযাপনের তারিখ পরিবর্তন করে ২ মার্চ নির্ধারণ করা হয়।
সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, মিরপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ। নতুন ভোটার হওয়ার জন্য ১৪,৫০০ জন ফর্ম সংগ্রহ করেছেন, আর মৃত ভোটার হিসেবে তালিকা থেকে বাদ পড়েছেন ৫,৫০০ জন।
Leave a Reply