মানিকগঞ্জ সংবাদদাতা :
মানিকগঞ্জের ঘিওরে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে বিশেষ কমিটির সদস্যরা বাজার মনিটরিং অভিযান চালিয়েছেন। আজ ২ মার্চ (রবিবার) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে চাল, ডাল, চিনি, শাকসবজি, মাছ, মাংস, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর এই মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আছমা সুলতানা নাসরীন।
অভিযান চলাকালে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে পাকা রশিদ ও ক্যাশ মেমো চেক করা হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। নিয়ম লঙ্ঘনের কারণে বিভিন্ন ব্যবসায়ীকে সর্বমোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আছমা সুলতানা নাসরীন বলেন, “দ্রব্যমূল্য সহনীয় রাখতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
মনিটরিং অভিযানে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর মোয়াজ্জেম হোসেন, পেশকার আতাউর রহমান, উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ মেজবাহ উদ্দিন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বাজার কমিটির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply