চট্টগ্রাম সংবাদদাতা :
রমজান মাস এলেই ব্যবসায়ীদের মধ্যে অস্থিরতা দেখা দেয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি জানিয়েছেন, বাজার স্থিতিশীল রাখতে চসিক মনিটরিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার (৩ মার্চ) দুপুরে দিকে চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়র শাহাদাত হোসেন বলেন, “অন্যান্য দেশে রমজানে ভর্তুকি দিয়ে নিত্যপণ্য বিক্রি করা হয়, কারণ তারা এটাকে সওয়াব হিসেবে দেখে। কিন্তু আমাদের দেশে এর উল্টো চিত্র দেখা যায়। রমজান এলেই কিছু ব্যবসায়ী রাতারাতি ধনী হতে চান এবং পুরো বছরের আয় এক মাসেই করতে মরিয়া হয়ে ওঠেন। তাই আমরা বাজার মনিটরিং করছি এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, বাজার নিয়ন্ত্রণে রাখতে চসিক আগামীকাল (৪ মার্চ) তেল ব্যবসায়ী, উৎপাদনকারীসহ সংশ্লিষ্ট পক্ষদের সঙ্গে বৈঠক করবে। তিনি বলেন, “তাদের নির্দেশনা দেওয়া হবে যাতে দ্রুত নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজারজাত করে দাম সহনীয় পর্যায়ে আনা হয়। এ বিষয়ে কঠোর অ্যাকশন প্ল্যান নেওয়া হবে।”
সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে চসিকের মনিটরিং টিম ইতোমধ্যে বাজারে অভিযান চালিয়েছে। মেয়র বলেন, “বিগত কয়েকদিন ধরে অভিযোগ আসছিল যে বাজার থেকে ভোজ্যতেল উধাও হয়ে গেছে। আর যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলোর দাম ১৮০-২০০ টাকার ওপরে। তাই আমরা সরেজমিনে দেখতে এসেছি।”
অভিযানে এসব অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “বাজারে ভোজ্যতেল নেই বললেই চলে। কিছু তেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এগুলো আসল ভোজ্যতেল কিনা, তা যাচাই করা হবে।”
রমজান মাসে সাধারণ মানুষের সুবিধার জন্য বাজার নিয়ন্ত্রণে চসিকের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
Leave a Reply