লালমনিরহাট সংবাদদাতা :
লালমনিরহাটের আদিতমারী উপজেলার বালাপুকুর থেকে দেবীরপাটগামী সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই কিছু জায়গায় কার্পেটিং (বিটুমিনের উপরিভাগ) উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি রাস্তার পাশে নির্মিত ৩১০ মিটার দীর্ঘ সুরক্ষা প্রাচীরের কিছু অংশও ভেঙে পড়ছে। সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া গেছে।
স্থানীয়দের দাবি, রাস্তা সংস্কারের কাজে অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। ফলে অল্প সময়ের মধ্যেই রাস্তার বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যাচ্ছে এবং সুরক্ষা প্রাচীরের অংশ ধসে পড়ছে।
তবে সংশ্লিষ্ট ঠিকাদার আবুল কাশেম কাজল এ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি শতভাগ সততার সাথে কাজ করেছি। ঘটনাস্থল পরিদর্শন করে বুঝতে পারি, আমাকে হয়রানি করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে। সম্ভবত কেউ ইচ্ছাকৃতভাবে শাবল বা বল্লম দিয়ে রাস্তার ক্ষতি করেছে। বিষয়টি আমি এলজিইডিকে জানিয়েছি। তারা পরিদর্শন করে যদি পুনরায় কাজ করার নির্দেশ দেন, তাহলে আমি তা করব।”
জানা যায়, আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের বালাপুকুর থেকে দেবীরপাট সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) অধীনে পরিচালিত। ১.৯৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কের সংস্কার কাজ গত ২৭ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। ৯০.১২ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান হেনা ট্রেডার্স।
সাপ্টিবাড়ী ইউপি সদস্য আলম হোসেন বলেন, “সংশ্লিষ্ট ঠিকাদার ও এলজিইডি প্রকৌশলীর যোগসাজশে রাস্তার কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে।”
এদিকে আদিতমারী এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী পারভেজ রুবেল বলেন, “রাস্তাটির সংস্কার কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে। তবে কেন এর সারফেসিং ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা তদন্ত করে দেখা হবে। এখনো ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়নি। যদি অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তাহলে চুক্তি অনুযায়ী ঠিকাদারকে পুনরায় কাজ সম্পন্ন করতে হবে।”
স্থানীয়রা দাবি করছেন, দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে জনগণের দুর্ভোগ না বাড়ে।
Leave a Reply