নিজস্ব প্রতিবেদক :
উত্তরবঙ্গের মানুষের পক্ষ থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিক ও দেশপ্রেমিক মোঃ সিরাজ উদ-দৌলা চৌধুরী সিনিয়র উপদেষ্টা নিয়োগের আহ্বানে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। সোমবার (৩ মার্চ) সকাল ১১টায় ঢাকা প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি উত্তরাঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে সিনিয়র উপদেষ্টা নিয়োগের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে সিরাজ উদ-দৌলা চৌধুরী বলেন, “উত্তরাঞ্চল আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে শিক্ষা, কৃষি, শিল্প ও বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের ক্ষেত্রে এই অঞ্চল দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে, যদি উত্তরবঙ্গের উন্নয়ন নিশ্চিত করা হয় এবং এ অঞ্চলের জন্য যোগ্য প্রার্থী হিসেবে একজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়।”
তিনি আরও বলেন, “গত আগস্টে দেশে ফ্যাসিবাদের পতন হলেও এখনো অনেক অনিয়ম ও বৈষম্য চলমান। পূর্ববর্তী সরকারের সময় আমি ও উত্তরবঙ্গের জনগণ বৈষম্যের শিকার হয়েছিলাম। ফ্যাসিস্ট শাসক আসাদুজ্জামান নুর গং ক্ষমতার অপব্যবহার করে আমাকে মিথ্যা মামলায় জর্জরিত করেছিল। আমার দাদিমা এগ্রো ফার্ম লিমিটেডের জন্য ICB থেকে বরাদ্দকৃত অর্থ অন্যায়ভাবে বাতিল করা হয়। প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় আমার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছিল। এমনকি আমাদের জমিও দখল করা হয়।”
উত্তরবঙ্গের মানুষের স্বার্থ রক্ষায় নিজেকে নিবেদিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমি উত্তরবঙ্গের মানুষের পক্ষে কাজ করতে চাই। প্রধান উপদেষ্টা ড. ইউনুসের নিকট আমি আগামী ১০১ দিনের জন্য সিনিয়র উপদেষ্টা হিসেবে নিয়োগ চাই। আমার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করবো। দেশের উন্নয়নে অবদান রাখতে চাই, বিশেষ করে উত্তরবঙ্গকে মডেল অঞ্চলে পরিণত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করবো।”
তিনি আরও বলেন, “আমার কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য নেই, বরং আমি জনগণের জন্য কাজ করে এসেছি এবং ভবিষ্যতেও করবো। আমি আত্মবিশ্বাসী যে, যোগ্যতা ও নিষ্ঠার মাধ্যমে উত্তরাঞ্চল থেকে সকল দুর্নীতি দূর করতে সক্ষম হবো। ন্যায়পরায়ণ ও নীতিবান ব্যক্তি হিসেবে আমাকে সিনিয়র উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি।”
উত্তরাঞ্চলের সাধারণ জনগণের পক্ষ থেকে এই আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশের সার্বিক উন্নয়নের জন্য একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি দেশের জনগণের কল্যাণে কাজ করতে চাই এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
Leave a Reply