নাটোর সংবাদদাতা :
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার ৪০ বছর পর অবশেষে স্থাপন করা হয়েছে ডেন্টাল মেশিন। গত ৩০ জানুয়ারি ‘বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪০ বছরেও নেই ডেন্টাল মেশিন’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এর এক মাসের মধ্যেই নতুন ডেন্টাল মেশিন বরাদ্দ দেওয়া হয় এবং গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মেশিনটি স্থাপন করা হয়।
সূত্রে জানা যায়, ১৯৮৫ সালে ৩১ শয্যার হাসপাতাল হিসেবে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০২২ সালের আগস্টে নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। তবে এতদিন ধরে ডেন্টাল মেশিনের কোনো বরাদ্দ ছিল না। সংবাদ প্রকাশের পর গত ১৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি ডেন্টাল মেশিন বরাদ্দ দেওয়া হয়, যা গত বৃহস্পতিবার হাসপাতালের ডেন্টাল ইউনিটে স্থাপন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জনগুরুত্বপূর্ণ এই বিষয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিকদের ধন্যবাদ জানান।
Leave a Reply