ভালুকা সংবাদদাতা :
ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত শতবছরের পুরনো রাস্তার নির্মাণ কাজের বিরুদ্ধে বাঁধা দেওয়া হয়েছে। এই রাস্তা ধলিকুড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মোড় থেকে মুনসর মেম্বার বাড়ি ভায়া লাল মিয়া বাড়ি এলাকা পর্যন্ত বিস্তৃত।
স্থানীয় ইউপি সদস্য মুনসুর আহমেদ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, গত ২০২৪-২০২৫ অর্থবছরে ইউনিয়নের (থোক বরাদ্দ) থেকে ৮ লাখ টাকা বরাদ্দের মাধ্যমে রাস্তার ইটের সলিং কাজ শুরু হয়েছিল, কিন্তু কিছু স্থানীয় ব্যক্তি, যাদের মধ্যে মো. তৌহিদ, মো. নজরুল ইসলাম, রাজ্জাক এবং আজিজুল হকসহ কয়েকজন ব্যক্তি সরকারি নির্মাণ কাজের বিরুদ্ধে বাঁধা সৃষ্টি করেছেন।
এলাকাবাসী জানান, এই রাস্তা দিয়ে প্রায় শতাধিক বসত বাড়ির মানুষ চলাচল করেন এবং এটি তাদের একমাত্র চলাচলের মাধ্যম। একাধিকবার মাটির কাজও হয়েছে এবং এলজিএসপি অর্থে কিছু উন্নয়ন কাজ করা হয়েছে, তবে বর্ষাকালে কাদা জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়। তাই, ইউনিয়ন পরিষদ এই রাস্তাটি ইটের সলিং করে উন্নয়ন করতে চেয়েছিল।
এ বিষয়ে ইউপি সদস্য মুনসুর আহমেদ বলেন, “বিগত দিনে ৪০ দিনের কর্মসূচির প্রকল্পের আওতায় আমরা দুইবার কাজ করেছি এবং এলজিএসপি অর্থে কাজও করেছি। এখন ৮ লাখ টাকা বরাদ্দ আসার পর কাজ শুরু হলে কিছু ব্যক্তির প্রতিহিংসার কারণে তারা কাজ বন্ধ করে দিয়েছেন এবং চাঁদা দাবি করেছেন। আমি প্রশাসনের সহায়তা ও বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা করছি।”
স্থানীয়রা এই রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে জনস্বার্থে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কার হয়ে এলাকার মানুষের জীবনযাত্রা উন্নত হয়।
Leave a Reply