ঝালকাঠি সংবাদদাতা :
ঝালকাঠিতে শূন্য পদে নিয়োগ ও নতুন পদ সৃষ্টিসহ বিভিন্ন দাবির আদায়ে সংবাদ সম্মেলন করেছে জেলা বিডিএমএ, বেকার ডিপ্লোমা চিকিৎসক ও সম্মিলিত ম্যাটসের নেতৃবৃন্দ। বুধবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিডিএমএ-এর ঝালকাঠি জেলা শাখার সভাপতি প্রবীর রঞ্জন হালদার। এসময় সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক হালদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৪ বছর ধরে শূন্য পদে নিয়োগ বন্ধ রয়েছে। তাই দ্রুত শূন্য পদ পূরণ এবং কমিউনিটি ক্লিনিকসহ সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃষ্টি করা জরুরি। এছাড়া, প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, ইন্টার্নশিপে লগবুক চালুর দাবি জানানো হয়। পাশাপাশি, বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান এবং প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে “মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামকরণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, কিছু কুচক্রী মহল তাদের চলমান যৌক্তিক চার দফা আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে চায়। স্বৈরশাসকের দালাল গ্র্যাজুয়েট চিকিৎসকদের উসকানিতে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসকরা বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। বিভিন্ন ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণার মাধ্যমে ডিএমএফ ডিগ্রিধারী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। এসব বিভ্রান্তিমূলক প্রচারণা বন্ধের দাবি জানান তারা।
Leave a Reply