তানোর সংবাদদাতা :
রাজশাহীর তানোরে প্রথমবারের মতো উন্মুক্ত লটারীর মাধ্যমে ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগ করা হয়েছে। বুধবার (৫ মার্চ) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে তানোর উপজেলা খাদ্য অফিসের আয়োজনে এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা ওএমএস ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমানের সভাপতিত্বে উন্মুক্ত লটারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর উপজেলা খাদ্য কর্মকর্তা মলিউজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ, বাধাইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনাসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা। এছাড়াও তানোর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তানোর উপজেলা খাদ্য কর্মকর্তা মলিউজ্জামান জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ওএমএস ডিলার নিয়োগের আহ্বানের পর ৭টি ইউনিয়ন থেকে ১৫৩ জন আবেদনপত্র জমা দেন। আবেদন যাচাই-বাছাইয়ের পর স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগ নিশ্চিত করতে এই প্রথমবার উন্মুক্ত লটারীর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সকল আবেদনকারীদের উপস্থিতিতে উন্মুক্ত লটারীর মাধ্যমে পৌরসভা ও ৭টি ইউনিয়নে মোট ১৮ জন ডিলার নিয়োগ করা হয়।
উন্মুক্ত লটারীর মাধ্যমে ডিলার নিয়োগ করায় আবেদনকারীদের মধ্যে স্বচ্ছতা ও ন্যায়বিচারের ব্যাপারে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Leave a Reply