দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার দিঘলিয়ায় মানব পাচার করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ। আটক ব্যক্তির নাম রুবেল শেখ (৩০)।
দিঘলিয়া থানা সূত্রে জানা যায়, গত ৬ মার্চ বৃহস্পতিবার তারিখে গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে সেনহাটি ইউনিয়নের পথেরবাজার এলাকা থেকে আসামি রুবেল শেখকে আটক করে। এ সময় তার কাছ থেকে মুক্তিপণ আদায়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, ভিকটিম আরিফ (৩৫), পিতা: জয়নাল আবেদিন, সাং: কাতালিয়া, থানা: ফেনী সদর— তাকে একটি অজ্ঞাতনামা মানব পাচারকারী চক্র বাংলাদেশ থেকে লিবিয়ায় পাচার করে। লিবিয়ায় যাওয়ার পর চক্রটি বিভিন্ন কৌশলে তাকে জোরপূর্বক অপহরণ করে এবং ইউরোপে পাচারের চেষ্টা চালায়। পাচারকারীরা আরিফকে অপহরণ করে তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে স্ত্রীকে ফোন করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে, অন্যথায় প্রাণনাশের হুমকি দেয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রুবেল শেখ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত। তারা বাংলাদেশে বিভিন্ন ব্যক্তিকে লোভনীয় প্রস্তাব দিয়ে বিদেশে নেওয়ার কথা বলে প্রতারণার ফাঁদে ফেলে। পরে বিদেশে পৌঁছানোর পর ভিকটিমদের অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণ দাবি করা হয়।
মুক্তিপণ না দিলে শারীরিক নির্যাতন, প্রাণনাশের ভয় দেখিয়ে মোবাইলে নির্যাতনের ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠানো হয়, যাতে দ্রুত মুক্তিপণ দেওয়া হয়। এই ঘটনায় ফেনী সদর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক রুবেল শেখের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply