পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংরক্ষিত বন উজাড় করে বনখেকো চক্রের বনভূমি দখলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও একাত্তর টেলিভিশনের প্রতিনিধি কামরুল হাসানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাঙ্গাবালী প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। রাঙ্গাবালী প্রেস ক্লাব ও সুশীল সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, বনখেকো চক্রের বিরুদ্ধে সাহসী অনুসন্ধানী সংবাদ প্রকাশের ফলে প্রকৃত ঘটনা আড়াল করতে একটি কুচক্রী মহলের ইন্ধনে সাংবাদিক কামরুল হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে। তারা এ ধরনের অপপ্রচারকে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন।
অপপ্রচারকারীদের হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। প্রয়োজনে কঠোর কর্মসূচির ডাক দেবে সচেতন মহল ও সাংবাদিক সমাজ। তাই অনতিবিলম্বে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। একই সঙ্গে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানানো হয়। পরে রাঙ্গাবালী প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ৪ মার্চ দৈনিক যুগান্তরে ‘গাছ কেটে ভূমি দখল’ শিরোনামে রাঙ্গাবালীর মাঝের চরের সংরক্ষিত বন উজাড় করে বনভূমি দখলের সংবাদ প্রকাশিত হয়। পরদিন ৫ মার্চ একাত্তর টেলিভিশনে ‘রাঙ্গাবালীতে সংরক্ষিত বনের গাছ উজাড়: গাছ কাটছে বনখেকোরা, দখল হচ্ছে বনভূমি, তবুও উদাসীন বন বিভাগ’ শীর্ষক প্রতিবেদন ও লাইভ সম্প্রচার করা হয়।
Leave a Reply