ডেক্স নিউজ :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ছয়জন অদম্য নারীর হাতে বিশেষ সম্মাননা তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এম মুরশিদ উপস্থিত ছিলেন।
আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।
নারীদের অগ্রযাত্রা ও ক্ষমতায়নকে স্বীকৃতি দিতে অদম্য নারী পুরস্কার কর্মসূচির আওতায় বিভিন্ন কর্মক্ষেত্রে অবদান রাখার জন্য ছয়জন নারীকে এই সম্মাননা দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত নারীরা হলেন: অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী: ময়মনসিংহ বিভাগের শরিফা সুলতানা, শিক্ষা ও কর্মক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: সিলেট বিভাগের হালিমা বেগম, সফল জননী নারী: রংপুর বিভাগের দিনাজপুর জেলার মেরিনা বেসরা, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী: ঢাকা বিভাগের ফরিদপুর জেলার লিপি বেগম, সমাজ উন্নয়নে অসাধারণ অবদানের জন্য: মো. মুহিন (মোহনা), বিশেষ সম্মাননা ক্যাটাগরি: বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, “নারীদের ক্ষমতায়ন ও সমাজে তাদের অসামান্য অবদান আমাদের অগ্রগতির মূল শক্তি। এই সম্মাননার মাধ্যমে আমরা তাদের অনুপ্রাণিত করতে চাই এবং ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ, বাণিজ্য এবং আইসিটি খাতে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা উন্নয়নের মূলমন্ত্রে উজ্জীবিত হয়েছি।”
অনুষ্ঠানের অতিথিরা নারীর ক্ষমতায়ন ও সমাজে তাদের অসামান্য ভূমিকার স্বীকৃতি স্বরূপ এ ধরনের সম্মাননা ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
Leave a Reply