তানোর সংবাদদাতা:
বিশ্বব্যাপী নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নকে স্মরণ ও সম্মান জানাতে প্রতি বছর ৮ মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এ বছরও রাজশাহীর তানোর উপজেলায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (৮ মার্চ) অনুষ্ঠিত এই কর্মসূচির সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত সালমান। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা, তানোর উপজেলা জাইকা কর্মকর্তা মুন্না, এনজিও কর্মী ইসমত বারী, তানোর উপজেলা সজনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মিজানুর রহমান, তানোর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি বকুল হোসেন মাষ্টার। এছাড়াও বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
এবারের নারী দিবসের প্রতিপাদ্য ছিল— “অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন”। নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ এবং তাদের ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দিতে আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয় ১৮৫৭ সালে। ওই বছর ৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি সুঁচ কারখানার নারী শ্রমিকরা দৈনিক শ্রম ১২ ঘণ্টা থেকে কমিয়ে ৮ ঘণ্টায় আনা, ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশের দাবিতে সমাবেশ করলে অনেক নারী নির্যাতনের শিকার হন এবং গ্রেপ্তার হন।
পরবর্তীতে ১৯১১ সালের ১৯ মার্চ অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি ও সুইজারল্যান্ডে প্রায় এক মিলিয়নের বেশি লোক আন্তর্জাতিক নারী দিবস পালন করে। এরপর ১৯৭৫ সালে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। তখন থেকে দিনটি সারা বিশ্বে পালিত হয়ে আসছে।
তানোরে আয়োজিত এ কর্মসূচিতে নারীর প্রতি শ্রদ্ধা, সম্মান এবং তাদের ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
Leave a Reply