চট্টগ্রাম সংবাদদাতা :
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় র্যাব-৭ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, একদল মাদক ব্যবসায়ী একটি কাভার্ড ভ্যানে করে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে ফেন্সিডিল বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ৭ মার্চ (শুক্রবার) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে মীরসরাই থানার অন্তর্গত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়।
অভিযানের সময় চেকপোস্টের দিকে আসা একটি কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করে। তবে র্যাব সদস্যরা ধাওয়া করে চালক মো. নাজমুল হক (২৮), পিতা- নুরুল হক, সাং- মধ্যেম ওয়াহেদপুর, থানা- মীরসরাই, জেলা- চট্টগ্রামকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে কাভার্ড ভ্যানের ড্রাইভিং সিটের পেছনে বিশেষ কৌশলে রাখা দুটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে মোট ২৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে ফেন্সিডিল সংগ্রহ করে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বেশি দামে বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply