কোটচাদপুর সংবাদদাতা :
“দুর্যোগের পূর্বাভাস, প্রস্তুতি বাঁচায় প্রাণ ও ক্ষয়ক্ষতি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আনিসুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকি।
আলোচনা সভা শেষে ভারপ্রাপ্ত কর্মকর্তা কুতুব উদ্দিনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল উন্মুক্ত স্থানে সাধারণ জনগণের উদ্দেশ্যে অগ্নিনির্বাপণ ও আগুন নিয়ন্ত্রণের কলাকৌশল প্রদর্শন করে। এতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং দুর্যোগ মোকাবিলায় সচেতন হওয়ার আহ্বান জানান।
উপস্থিত বক্তারা দুর্যোগ প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে বলেন, আগাম সতর্কতা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। তারা দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
Leave a Reply