পাটগ্রাম প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় নতুন ফ্যামিলি কার্ডধারী ১৪৫০ জনের মাঝে টিসিবি পণ্য বিতরণের সময় বঞ্চিতরা বিক্ষোভ শুরু করলে বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
সোমবার (১০ মার্চ) বিকেলে পৌর ভবনের সামনে টিসিবি সুবিধাবঞ্চিত প্রায় ৫০০ জন মানুষ বিক্ষোভে অংশ নেয়। জানা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৩৬৭১ জন টিসিবি সুবিধাভোগী থাকলেও ফ্যামিলি কার্ড পেয়েছে মাত্র ১৪৫০ জন। বিক্ষোভের মুখে টিসিবি পণ্য বিতরণ বন্ধ করে দেওয়া হয়।
রিকশাচালক রহিম বলেন, “আমি টিসিবি পণ্য শুরু থেকেই পেয়ে আসছি, তাহলে এখন কেন পাব না? চার দিন ধরে ঘুরছি, কিন্তু ফ্যামিলি কার্ড পাইনি। অথচ যারা সাবলম্বী, তারা ঠিকই পেয়েছে।”
উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন সুমন বলেন, “পৌরসভায় এখনও আওয়ামী লীগের প্রভাব রয়েছে। পৌর কর্মচারীদের আত্মীয়-স্বজনরা ফ্যামিলি কার্ড পেলেও সাধারণ মানুষ পাচ্ছে না।”
স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন অভিযোগ করেন, “আমি ফ্যামিলি কার্ড না পেলেও ধনী ব্যক্তিরা ঠিকই পেয়েছে। একই পরিবারে দু-তিনজন পেলেও সাধারণ মানুষ কার্ড পায়নি।”
টিসিবির ফ্যামিলি কার্ড বঞ্চিতরা প্রায় দুই ঘণ্টা ধরে পৌর প্রশাসক জিল্লুর রহমানসহ পৌর কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে। পরে টিসিবি পণ্য বিতরণ বন্ধ ঘোষণা করা হলে বিক্ষুব্ধ জনতা চলে যায়। তবে এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হননি। পৌর প্রশাসক জিল্লুর রহমান জানান, তিনি এ বিষয়ে পরে কথা বলবেন।
Leave a Reply