বান্দরবান সংবাদদাতা :
পার্বত্য জেলা বান্দরবানের লামায় ‘দুর্যোগের পূর্বাভাস, প্রস্তুতি বাঁচায় প্রাণ ও ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় লামা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ নূর মুহাম্মদ, লামা অর্গানাইজার বাপ্পী চক্রবর্তী, উপজেলা সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনীর সদস্যরা, এনজিও প্রতিনিধিরা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির গুরুত্ব, দুর্যোগকালীন করণীয় এবং সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা দুর্যোগ ঝুঁকি হ্রাস ও প্রতিরোধমূলক ব্যবস্থার উপর জোর দেন এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের কর্মসূচির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এই দিবস উদযাপনের মাধ্যমে লামার জনগণের মধ্যে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply