যশোর সংবাদদাতা :
বকেয়া পরিশোধসহ চাকরি রাজস্বকরণের দাবিতে যশোরে মানববন্ধন করেছে প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা। বাংলাদেশ প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি খন্দকার মোস্তাফিজুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের নেতৃত্বে শতাধিক সদস্য এ মানববন্ধনে অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, তারা এআই টেকনিশিয়ান হিসেবে প্রাণী সম্পদ বিভাগের একটি প্রকল্পে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। দেড় বছর আগে প্রকল্পটি শেষ হলেও পুনঃনিয়োগের আশ্বাসে তারা কাজ চালিয়ে যাচ্ছিলেন। তবে গত ১৫ মাস ধরে তারা কোনো বেতন পাননি। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন।
মানববন্ধনে কর্মীরা অবিলম্বে তাদের বকেয়া পরিশোধ এবং চাকরি রাজস্বকরণের দাবি জানান। তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও বড় আন্দোলনের ঘোষণা দেন নেতৃবৃন্দ।
Leave a Reply