বগুড়া সংবাদদাতা :
বগুড়ার গাবতলীর রামেশ্বরপুরে ১ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) স্থানীয় হাইস্কুল মাঠে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্বৈরাচারের কালো টাকা যেন আমাদের নেতা-কর্মীদের পেটে না যায়। আমাদের সাবধান থাকতে হবে আওয়ামী লীগের দোসরদের থেকে।” তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল সুসংগঠিত রয়েছে এবং ভবিষ্যতে দেশে কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ টিকতে পারবে না। তিনি দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বিএনপির ঘোষিত ৩১ দফার সঙ্গে বর্তমান রাষ্ট্র সংস্কার উদ্যোগের মিল রয়েছে বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম এবং আয়োজক ছিলেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মণ্ডল।
এছাড়াও মাহফিলে বক্তব্য রাখেন—উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্বাস আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সম্রাট মাহারুফ, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা রবিউল ইসলাম, তাজুল ইসলাম মুক্তার, নরাব্বি সরকার, জালাল উদ্দিন, আমিনুল ইসলাম, যুবদল নেতা শাহিনুর রহমান শাহীন, আরমান হোসেন রিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা জাফর ইকবাল মানিক।
শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply