কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারীতে সরকারি রাস্তা দখল করে ইটের দেয়াল নির্মাণে বাধা দেওয়ায় কমলা খাতুন নামে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী প্রতিকার চেয়ে বিকেলে রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন—রৌমারী সদর ইউনিয়নের কলেজপাড়া এলাকার তাজুর উদ্দিনের ছেলে সৈয়দ জামাল (৬৫) ও তার ছেলে মাইদুল হক (৩৫)।
ভুক্তভোগী কমলা খাতুন জানান, দীর্ঘদিন ধরে তার বাড়ি থেকে হাবিবুর মাস্টারের বাড়ি পর্যন্ত সরকারি রাস্তা দিয়ে স্থানীয়রা চলাচল করে আসছেন। কিন্তু বৃহস্পতিবার সৈয়দ জামাল ও তার ছেলে মাইদুল হক হঠাৎ করেই ওই রাস্তায় ইটের দেয়াল নির্মাণ শুরু করেন, যা স্থানীয়দের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
তিনি আরও জানান, “আমি বাধা দিলে তারা আমাকে মারধর করে। এতে আমার বাম হাত ফেটে যায় এবং পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।”
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম রানা বলেন, “এর আগেও ওই রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা করা হয়েছিল। তারপরও বৃহস্পতিবার নতুন করে নির্মাণকাজ শুরু করা হয়েছে।”
অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, “এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।”
রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply