নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে আজ রবিবার (৬ এপ্রিল) থেকে দেশের সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পুরনো রুটিনে খুলছে। রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলা অফিস সময়সূচি এখন ফিরেছে আগের নিয়মে—সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
গত ২৮ মার্চ (শুক্রবার) শবেকদরের ছুটির মাধ্যমে শুরু হয় এই দীর্ঘ ছুটির যাত্রা। এরপর ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ছিল ঈদুল ফিতরের মূল ছুটি। মাঝে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও সরকার তা নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে। পরবর্তীতে ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি, সবমিলিয়ে ৯ দিনের লম্বা অবকাশ কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা।
এবারের ঈদুল ফিতরে গ্রামের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়েছিল লাখো মানুষ। ছুটি শেষে এখন কর্মস্থলে ফিরছেন সবাই। গতকাল শনিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং গাবতলী ও মহাখালী বাসস্টেশনসহ বিভিন্ন স্থানে কর্মজীবীদের ভিড় দেখা গেছে।
অন্যবারের তুলনায় দীর্ঘ এই ছুটির কারণে অধিকাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী আগেভাগেই ঢাকায় ফিরেছেন। তবে একসঙ্গে বহু যাত্রী ফেরার কারণে গণপরিবহন সংকটে অনেকেই ভোগান্তির মুখে পড়েছেন। বিশেষ করে সদরঘাটে নেমে বাসের জন্য অপেক্ষারত যাত্রীদের ভিড় ও দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো।
আজ থেকে দেশের সকল সরকারি-বেসরকারি অফিস, আদালত ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আবারও পুরোদমে শুরু হচ্ছে। ঈদের ছুটির আমেজ কাটিয়ে কর্মজীবনের নিয়মিত ছন্দে ফিরছে বাংলাদেশ।
Leave a Reply