লালমনিরহাট প্রতিনিধি :
গণঅভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ার লক্ষ্যে হয়েছে উল্লেখ করে এবি পার্টির (আমার বাংলাদেশ পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “এই পরিবর্তন সময়ের দাবি। এটি শুধুমাত্র একটি রাজনৈতিক আন্দোলন নয়, বরং দেশের কাঠামোগত সংস্কারের একটি প্রয়োজনীয় পদক্ষেপ।”
৫ এপ্রিল (শনিবার) বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টি.এন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এবি পার্টির আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “এই গণঅভ্যুত্থানে দুটি গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার ছিল—রাজনৈতিক দল এবং ছাত্রসমাজ। উভয়ের দাবিই যৌক্তিক। কেউ চাচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, কেউ চাইছে দীর্ঘমেয়াদি সংস্কার। আমরা চাই, ঐক্যমতের ভিত্তিতে যতদিন প্রয়োজন—হোক ৬ মাস, দুই বছর বা তারও বেশি—এই সরকার পরিচালিত হোক।”
তিনি আরও বলেন, “আমরা মনে করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর সবচেয়ে সফল এবং গর্ব করার মতো রাষ্ট্রনায়ক আমরা পেয়েছি। তার নেতৃত্বে আমরা যদি ঐক্যমতের ভিত্তিতে দেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা দক্ষিণ কোরিয়ার মতো একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারি, তবে এই সুযোগ কেন হাতছাড়া করব?”
সকাল থেকে দিনব্যাপী সাংগঠনিক সফরে পাটগ্রামে অবস্থান করা এই এবি নেতা দেশের দ্বিতীয় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেন। এরপর তিনি হাতীবান্ধা উপজেলার তিস্তা সেচ প্রকল্প ঘুরে দেখেন এবং মতবিনিময়কালে বুড়িমারী মহাসড়ককে চার লেনে উন্নীত করা ও তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এবি পার্টির নেতা আবু রাইয়ান আশয়ারী রছি। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান, সমাজকল্যাণ সম্পাদক হেলাল, রংপুর মহানগরীর আহ্বায়ক অ্যাডভোকেট রউফ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং স্থানীয় নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply