কুষ্টিয়া সংবাদদাতা :
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনেই তথ্য গোপন করার অভিযোগে এক শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) মিরপুর উপজেলার হালসা আদর্শ ডিগ্রী কলেজ কেন্দ্রে ১২ নম্বর কক্ষে কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন মাজিহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী কৃষি শিক্ষক আলাউদ্দিন। তিনি তার মেয়ে কেএইচএন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ওই কেন্দ্রে পরীক্ষার্থী হলেও সে তথ্য গোপন করে কেন্দ্রের দায়িত্ব গ্রহণ করেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব আব্দুছ ছালাম। তিনি বলেন, “শিক্ষক আলাউদ্দিন তার মেয়ের একই কেন্দ্রে পরীক্ষার্থী হওয়ার তথ্য গোপন করে দায়িত্ব পালন করছিলেন। পরে বিষয়টি জানাজানি হলে তাকে তাৎক্ষণিকভাবে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।”
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কোন শিক্ষক তার সন্তান পরীক্ষায় অংশগ্রহণ করলে তিনি সেই কেন্দ্রের দায়িত্ব পালনে অযোগ্য বিবেচিত হন। এ ধরনের ঘটনায় প্রশ্নপত্রের গোপনীয়তা ও পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে, তাই কর্তৃপক্ষ এমন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে।
ঘটনাটি পরীক্ষার শুদ্ধতা রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানের একটি প্রমাণ হিসেবে দেখছেন অভিজ্ঞ মহল।
Leave a Reply