যশোর সংবাদদাতা :
যশোর সদর উপজেলার বাঁশতলা এলাকায় অবস্থিত ‘মেসার্স বনরূপা ফার্নিচার’ নামে একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ এপ্রিল ২০২৫) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পাশের মসজিদে ফজরের নামাজ পড়তে আসা কয়েকজন মুসল্লি ফার্নিচারের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সেনানিবাস ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে দোকানে থাকা বিভিন্ন তৈরি ফার্নিচার, কাঠ, ওয়ার্কশপের সরঞ্জাম এবং কাঠ কাটার চারটি মেশিন পুড়ে যায়। এতে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখনো আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
ক্ষতিগ্রস্ত দোকানটির মালিক মোঃ শফিকুল ইসলাম (৫৭), পিতা মৃত খলিলুর রহমান, যশোর সদর উপজেলার রায়পাড়া, পুরাতন কসবা এলাকার বাসিন্দা।
এই অগ্নিকাণ্ডে এলাকার ব্যবসায়ী মহলে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
Leave a Reply