যশোর সংবাদদাতা :
যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ৪১টি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত এবং ২৫ মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দেলোয়ার হাসান (৪৫) যশোরের কোতয়ালী থানাধীন ছাতিয়ানতলাস্থ জয়নাল আবেদীনের ছেলে।
যশোরের পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ প্রশাসনের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর’র অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল দেলোয়ারকে আটক করে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোররাতে ডিবির এসআই (নিঃ) শেখ আবু হাসান, এএসআই (নিঃ) সৈয়দ শাহীন ফরহাদ এবং এএসআই (নিঃ) নাজমুল ইসলাম’র সমন্বয়ে গঠিত একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জানা যায়, দেলোয়ার দীর্ঘদিন যাবত কালিয়াকৈরে নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে ‘তুহিন’ নামে আত্মগোপনে ছিলেন। তিনি একসময় একটি বেসরকারি ব্যাংকে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৩ সালে অর্থ আত্মসাতের দায়ে তিনি চাকরিচ্যুত হন। চাকরির সুবাদে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়।
যশোর জেলা পুলিশের এমন সাফল্যে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে । গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply