নিজস্ব প্রতিবেদক :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদক সেবন করে মাতলামি ও অশ্লীল আচরণের দায়ে আক্তার (৩৫) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত মোঃ আক্তার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সওদাগরপাড়া এলাকার বাসিন্দা আবু কালাম মিয়ার ছেলে।
ইউএনও মোশারফ হোসাইন জানান, শাহবাজপুর হাইস্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আক্তার মাদক সেবন করে প্রকাশ্যে মাতলামি ও অশ্লীল অঙ্গভঙ্গি করছিলেন। পরে সরাইল থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, আক্তার নিজের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে এবং এলাকায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
Leave a Reply